গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানে আড্ডা বন্ধ করতে দোকানগুলো থেকে চা তৈরির কেটলী নিয়ে গেছে পুলিশ। কুমিল্লা বুড়িচং উপজেলার ২৫টি গ্রামের প্রায় শতাধিক চা দোকান থেকে চা বানানোর কেটলী ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
করোনাভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ রোধে সরকার, স্থানীয় প্রশাসন ও পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে গ্রামের মোড়ে ও বাজারে আড্ডা ও জটলা পাকায় লোকজন। শহরে নির্দেশনা মানা হলেও গ্রামের লোকজন তা মানছেন না। নির্দেশনা অমান্য করে গ্রামের চায়ের দোকানগুলোতে রাতেও আড্ডা ও বিভিন্ন বয়সের লোক সমাগম হয়।
এ পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়ে করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারিভাবে নির্দেশনা না মেনে চায়ের দোকান খোলা রাখায় বুড়িচং থানা এলাকার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকার দোকান থেকে ৭০টি চায়ের কেটলী, ৪ টি ফ্লাক্স ও চা তৈরির সরঞ্জাম সাময়িকভাবে জব্দ করে।
এ বিষয়ে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক দেশ রূপান্তরকে জানান, কঠোরভাবে নির্দেশনা দেওয়ার পরও বুড়িচং উপজেলার বাজার এবং গ্রামের ছোট ছোট চা দোকানে আড্ডা হয় এবং বিভিন্ন বয়সের মানুষ জটলা পাকায়। দোকানিদের কয়েকবার সতর্ক করা হলেও না শোনায় আমরা সাময়িকভাবে চা তৈরির কেটলী ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছি।