পাবনায় সাঁথিয়ায় জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথাসহ করোনার উপসর্গ নিয়ে ছুম্মা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাউড়ি মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। বিকেলে প্রশাসনের তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুসারে সুরক্ষা পোশাক পরিহিত স্বেচ্ছাসেবক দল ওই নারীর দাফন সম্পন্ন করে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পেশায় ভিক্ষুক ওই নারী বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। তিন দিন আগে তার নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসায় করোনায় মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত বলা সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যাওয়ায় আমরা বাড়িটি লক ডাউন করেছি। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় গ্রামবাসী জানিয়েছেন ভিক্ষা বৃত্তি করতে ছুম্মা খাতুন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। করোনার উপসর্গে তার মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।