নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা, এক লাখ টাকা জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে ব্রাহ্মণবাড়িয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানা খুলে বসেছিলেন ইয়াছিন মিয়া।

শুক্রবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। এ সময় কারখানার মালিক ইয়াছিন মিয়াকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নকল কারখানায় অভিযান পরিচালনা করা হয়।  

এ সময় ওই কারখানায় গিয়ে দেখা যায় রং ও কেমিক্যাল দিয়ে জনসন নামে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। কারখানাটির অনুমোদন নেই বিএসটিআইয়ের। নেই কোনো ল্যাব ও ল্যাব-টেকনিশিয়ান। তারা নিজেরা ঘরে বসে এসব বোতলে ভরে বাজারজাত করে আসছিল। সেখানে কারখানার মালিক ইয়াছিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুই ড্রাম কেমিক্যাল উদ্ধার করে ধ্বংস ও কারখানাটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।