করোনাভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে ত্রাণসামগ্রীর দাবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়ক অবরোধ করেছে সদর উপজেলার আউলিয়াপুর বাসিন্দারা। গতকাল শুক্রবার সকালে খাদ্য সহায়তার দাবিতে এই বিক্ষোভ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মামুন খাদ্যসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলনরতরা সরে যান।
স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের শতাধিক বাসিন্দা সামাজিক দূরত্ব মেনে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে বসে ত্রাণের দাবি জানায়। এ সময় সড়কের মাঝখানে অনেকে বাঁশ ফেলে অবরোধ করে।
দিনমজুর হরিপদ রায়, শামীম হোসেন ও বাবুল রায় জানায় বেশ বিছু দিন ধরে কাজ নেই। ঘরে বসা। ঘরে যা খাবার ছিল শেষ। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে।
বেলা ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পরে তারা সরে যায়।