করোনা মহামারীতে চলতি বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ‘তীব্র নেতিবাচক’ প্রভাব পড়বে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান সংকটের মুখে বিশ্বের ১৭০টি দেশের মাথাপিছু আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, মহামারী করোনার কারণে অনেকে দেশেই লকডাউন চলছে। বন্ধ হয়ে গেছে অধিকাংশ প্রতিষ্ঠানষ্। কিংবা কর্মী ছাঁটাইয়ে বাধ্য হয়েছে সেসব প্রতিষ্ঠান। জাতিসংঘের একটি সমীক্ষায় বলা হয়েছে, মহামারীর কারণে বিশের¦ ৩৩০ কোটি কর্মীদের মধ্যে ৮১ শতাংশই ক্ষতির শিকার হয়েছে। জর্জিভা বলেন, ‘মাত্র তিন মাস আগেও আমরা আমাদের সদস্য দেশগুলোর কাছ থেকে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি আশা করেছি। কিন্তু এ পরিস্থিতিতে উল্টোটাই বলতে হচ্ছে। আমরা আশঙ্কা করছি, বিশ্বের ১৭০টি দেশ তাদের মাথাপিছু আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধির মুখ দেখবে।’ এক সতর্ক বার্তায় আইএমএফপ্রধান বলেন, ‘১৯৩০ সালের মহামন্দার পর বিশ্ব অর্থনীতি সবচেয়ে খারাপ সংকটের মুখোমুখি হয়েছে। এ সময়ে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হবে। ২০২১ সাল নাগাদ এর আংশিক পুনরুদ্ধার হবে। তবে সে ক্ষেত্রে শত শত কোটি ডলার বিদেশি সহায়তা প্রয়োজন হবে।’