করোনাভাইরাস নিয়ে জনগণকে সঠিক তথ্য না দেওয়াকে মারাত্মক ভুল বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরের মেয়রদের সঙ্গে এক অনলাইন কনফারেন্সে করোনার এই মহাসংকটকালে সহানুভূতির সঙ্গে জনগণের কাছে সত্য তুলে ধরার জন্য আহ্বান জানিয়ে এ কথা বলেন ওবামা। ব্লুমবার্গ আয়োজিত ওই কনফারেন্সে ওবামা মেয়রদের এর বাইরে আরও কিছু পরামর্শ দেন।
ওবামা বলেন, করোনার যেকোনো বিষয় নিয়ে জনগণকে সত্য জানান, স্পষ্ট তথ্য দিন। প্রয়োজনে আরও দক্ষ পরামর্শক ও বিশেষজ্ঞকে কাজে লাগান। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, আপনার চারপাশে যত বেশি দক্ষ ও স্মার্ট মানুষ থাকবে তারা আপনাকে ভালো পরামর্শ দেবে। লজ্জায় বা সংশয়ে চুপ করে থাকবেন না। মানুষ যেসব তথ্য জানতে চায় তা জানানোই সঠিক কাজ। ব্লুমবার্গ আয়োজিত এমন ভার্চুয়াল বৈঠকের চতুর্থ পর্ব ছিল বৃহস্পতিবার। এর আগে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটনও এমন বৈঠকে অংশ নেন।