করোনাভাইরাস মোকাবিলায় রাজ্য ও সরকারি ত্রাণ তহবিলে আগেই মোটা অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন শচীন টেন্ডুলকার। এবার আরও একটি বড় উদ্যোগ দিলেন ‘লিটল মাস্টার’। অসহায় পাঁচ হাজার মানুষকে এক মাস খাওয়ানোর দায়িত্ব দিলেন ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তি।
করোনাভাইরাস প্রতিরোধে গোটা ভারত জূড়ে চলছে ২১ দিনের লকডাউন। ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা এই লকডাউনের সময়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী জানিয়েছেন, দেশে লকডাউন উঠিয়ে নেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
ইতিমধ্যেই ওডিশা ও পাঞ্জাবে লকডাউনের সময় সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল করে দেওয়া হয়েছে। তাতে আরও সমস্যায় পড়তে হবে এই অসহায় মানুষদের। এই অবস্থায় সেসব মানুষদের পাশে আবার দাঁড়ানোর ঘোষণা দিলেন শচীন।
একটি অলাভজনক সংস্থা ‘আপনালয়া’র মাধ্যমে ৫ হাজার মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বলতম তারকা। সহায়তার হাত বাড়ানোয় টুইট করে শচীনকে ধন্যবাদ জানিয়েছে আপনালয়া।
“লকডাউনের সমস্যায় আপনালয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য শচীনকে ধন্যবাদ। এক মাসের জন্য প্রায় পাঁচ হাজার মানুষের রেশনে দায়িত্ব নিয়েছেন তিনি। অন্যান্য মানুষেরও সহায়তায় এগিয়ে আসা দরকার।”
এই টুইটের জবাবে শচীন লিখেছেন- “অসহায় ও দুস্থদের সহায়তায় কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনালয়ের ধন্যবাদ। তোমাদের কাজ চালিয়ে যাও।”
গত মাসেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকা দিয়েছেন শচীন। আরও ২৫ লাখ দেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
শুধু শচীনই নয়, করোনাভাইরাসের কারণে এই সংকটে সহায়তার হাত বাড়িয়েছেন ভারতের অন্যান্য ক্রিকেটারও। দেশটির অন্যান্য ক্রীড়াবিদেরাও বাড়িয়েছেন সহায়তার হাত।