বগুড়ার সোনাতলায় ছাগলে ক্ষেতের লাউ চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শফিকুল চকনন্দন গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানায়, নিহত শফিকুলের ছোট ভাই শরিফুলের ছাগল একই গ্রামের আবদুল খালেকের জমিতে লাগানো কিছু লাউয়ের চারা খেয়ে ফেলে। এ ঘটনায় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শরিফুল, শফিকুল,বশামিমা, বুলবুল, লাভলীসহ বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শফিকুল মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে ফারুক ও শাকিল নামের দুজনকে আটক করে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দুজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।