অ্যাপ ছাড়াও করোনা আক্রান্তকে শনাক্ত করবে গুগল-অ্যাপল!

স্মার্টফোনের মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করে সুস্থ মানুষের কাছে সংকেত পাঠানোর প্রযুক্তি চালু করতে চুক্তি করেছে অ্যাপল এবং গুগল। প্রযুক্তি ইতিহাসে শীর্ষস্থানীয় এই দুটি কোম্পানির এমন চুক্তি আগে কখনো দেখা যায়নি।

ব্লুমবার্গ জানিয়েছে, এই প্রযুক্তির নাম দেয়া হয়েছে ‘কন্ট্রাক্ট-ট্র্যাকিং’। কোনো ব্যক্তি নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসলে তার মোবাইলে হোম কোয়ারেন্টাইনের পরামর্শ যাবে।

দুই ধাপে প্রতিষ্ঠান দুটি আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সেবা চালু করবে। সরকারি স্বাস্থ্য সংস্থার অ্যাপের মাধ্যমে মে মাসের মাঝামাঝি প্রথম ধাপটি চালু হতে পারে। পরের ধাপে হবে অ্যাপ ছাড়াই।

প্রথম ধাপ: কোনো ব্যক্তি করোনা পজিটিভ হলে তার ডেটা সরকারি অ্যাপে যুক্ত করার পর অন্য কেউ তার কাছে আসলে নোটিফিকেশন যাবে। এভাবে ১৪ দিন ওই ব্যক্তির তথ্য অ্যাপে থাকবে। সরকারি সংস্থা চাইলে সময় বাড়াতেও পারবে।

দ্বিতীয় ধাপ: এই ধাপের কার্যক্রম আরো বিস্তর। সামনের কয়েক মাসে উভয় কোম্পানি এই প্রযুক্তি তাদের অপারেটিং সিস্টেমে যুক্ত করবে। তখন অ্যাপ ডাউনলোড না করলেও মোবাইল ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন যাবে। তাকে একটি অপশন নির্বাচন করে রাখতে হবে। এ জন্য ফোনের আইএমইআই নাম্বার ব্যবহার করা হতে পারে।

অ্যাপলের আইওএস এবং গুগলের অ্যান্ড্রয়েড পৃথিবীর ৩ বিলিয়ন মানুষ ব্যবহার করেন। যা এই গ্রহের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ!

করোনা প্রতিরোধে অ্যাপ ভিত্তিক ট্র্যাকিং পৃথিবীর প্রায় ২০টি দেশ চালু করেছে। বাংলাদেশ সরকারও সম্প্রতি এমন একটি কার্যক্রম হাতে নিয়েছে।

তবে অ্যাপ ছাড়া অপারেটিং সিস্টেমের মাধ্যমে ট্র্যাক করা গেলে সেটি হবে অভূতপূর্ব।