রাজবাড়ীতে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানিয়েছেন, করোনার উপসর্গ দেখা দেওয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে ৫ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে ।
আক্রান্ত ৫ জনের মধ্যে রাজবাড়ী পৌরসভার বিনোদপুরে ২ জন, বানিবহে ইউনিয়নে ১ জন, চন্দনি ইউনিয়নে ১ জন এবং ফরিদপুরের মধুখালী থেকে রাজবাড়ীর মূলঘর ইউনিয়নে এসে অবস্থান নেওয়া ১ জন । আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান খান জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে সদর উপজেলা এলাকা লকডাউন করা হয়েছে। এর আগে জেলা প্রশাসন থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জরুরি প্রয়োজনে জনসাধারণের চলাচলের সুযোগ থাকলেও তাতেও আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।