করোনাভাইরাস: মুন্সিগঞ্জ জেলা লকডাউন

করোনার এপিসেন্টার নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার দৈনিক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে জেলার পাঁচ উপজেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর মুন্সিগঞ্জে লকডাউন ঘোষণা করল প্রশাসন।  

জেলা প্রশাসক জানান, জেলার অভ্যন্তরের এক ইউনিয়নের সঙ্গে অপর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা আগেই থেকেই বন্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শুধুমাত্র মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠের মুক্তারপুর দিয়ে এবং শ্রীনগর উপজেলার ছনবাড়ি দিয়ে জরুরি যানবাহন চলাচল করতে পারবে। এ ছাড়া জেলার সব চলাচলের বন্ধ করে দেওয়া হয়েছে। নৌপথে যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্য কর্মী করোনা সংক্রমিত হওয়ায় সেখানকার স্বাস্থ্য সেবা স্তিমিত হয়ে গেছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এখানকার স্বাস্থ্য সেবার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।

তিনি সবাইকে ঘরে থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।