করোনায় কুকুর-বানরদের খাওয়ালেন রিক্তা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে চলছে সাধারণ ছুটি। এই সময়ে দোকানপাট-রেস্টুরেন্টসহ সবকিছু বন্ধ। মানুষ যেমন বিপদে পড়েছে, তেমনি পশুপাখিরাও বিপদে পড়েছে। বিশেষ করে যেসব প্রাণী মানুষের ওপর নির্ভরশীল তাদের দুর্দশা আরও বেড়ে গেছে। করোনায় অবলা প্রাণীদের দুর্দশার কথা চিন্তা করে ছোটপর্দার অভিনেত্রী ফারজানা রিক্তা দাঁড়ালেন কুকুর ও বানরদের পাশে। ঢাকা শহর ঘুরে ঘুরে কুকুর ও বানরদের খাওয়ালেন রিক্তা।

দেশ রূপান্তরকে ফারজানা রিক্তা বলেন, ‘এই সময়ে হোটেল রেস্টুরেন্টসহ সবকিছু বন্ধ। ফলে কুকুরদের কেউ উচ্ছিষ্ট খাবার দেয় না। বানরদেরও একই অবস্থা। তাই আমরা আজ ঢাকা শহরে ঘুরে ঘুরে প্রায় ৫০০ কুকুর ও ২০০ বানরকে খাবার খাইয়েছি।’  

তিনি আরও জানান, রাস্তার অভুক্ত কুকুরগুলো মানুষের দেয়া খাবার বা ফেলে দেয়া উচ্ছিষ্টের ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল l দেশের এই পরিস্থিতিতে ওরা খুব অনাহারে দিন কাটাচ্ছে, তাই সবাই নিজ নিজ সাধ্যমতো এদের কিছুটা খেতে দিনl রাস্তায় গিয়ে দিতে না চাইলে বাড়ির বাইরে দিন, বাড়ির নিচে দিন l কোনো কুকুর চোখে না পড়লেও আপনার বেঁচে যাওয়া ভাত বা যে কোনো খাবার বাসার বাইরে ফেলে রাখুন l ওরা আপনাদের দেয়া খাবার ঠিকই খুঁজে নিবেl আজ আমরা আমাদের সাধ্যমতো ঢাকার কুকুরদের ৬০কেজি বিরিয়ানি ও ৫০০ পিস বনরুটি খাইয়েছি। দয়াকরে সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ এলাকার কুকুর বিড়ালের দায়িত্ব নিন। আমাদের মতো এই অবলা প্রাণীগুলোও বাঁচতে চায়, ওদের বাঁচিয়ে রাখুন নিজেদের প্রয়োজনে।