চন্দনাইশ পৌরসভার বড়পাড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তার নাম সোনা মিয়া (৬০)। তিনি নয়াহাট বড়পাড়া এলাকার মৃত ভেদা মিয়ার ছেলে।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হোসাইন চৌধুরী দেশ রূপান্তরকে জানান, মারা যাওয়া সোনা মিয়া গত সপ্তাহে করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাঁশি নিয়ে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এ সময় তার করোনা উপসর্গ সন্দেহ হওয়ায় নমুনা সংগ্রহ করতে চাইলে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে তার এক প্রতিবেশী খবর দেন, সোনা মিয়ার জ্বর বেড়েই চলেছে।
তিনি আরও বলেন, পুনরায় তার নমুনা সংগ্রহ করতে বাড়িতে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে তিনি তখনও বাড়ি থেকে পালিয়ে যান। সর্বশেষ খবর পাই রবিবার সন্ধ্যায় তিনি বাড়িতে মারা যান। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশসহ তার বাড়িতে উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহিত নমুনা ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)তে পাঠানো হবে।
নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।