করোনা পরিস্থিতি মোকাবিলায় নিমড়ব আয়ের মানুষদের সহায়তা করতে সরকারের ত্রাণ তৎপরতায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামাল হোদা পদত্যাগ করেছেন।
পদত্যাগের পর গতকাল রবিবার নারায়ণপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোমিন শরিফকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে প্রশাসন।
সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মাপাড়ের দুর্গম এলাকা নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কামাল হুদা দীর্ঘ দিন ধরে এলাকায় অনুপস্থিত। চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকার বাড়িতে বসে তিনি নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন। ওই সূত্র জানায়, আড়াই বছরে তিনি মাত্র ৬ বার ইউনিয়ন পরিযদে গেছেন। দায়িত্ব থাকলেও তিনি গ্রাম আদালতের কার্যক্রমে অংশ নিতেন না।