প্রযোজকের অভাবে থেমে যাবে সিনেমা?

হলিউড কিংবদন্তি মার্টিন স্করসেসি নাকি তার পরের ছবির জন্য প্রযোজক পাচ্ছেন না!

সর্বশেষ ‘দি আইরিশম্যান’ দিয়ে আলোচনার ঝড় তোলেন এই নির্মাতা। অনেক দিন ধরেই পরের প্রজেক্ট ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ নিয়ে ব্যস্ত আছেন। এই কথা অনেকেই জানতো। কিন্তু বিপত্তির কথা আগাম অনুমান করা যায়নি।

ডেভিড গ্র্যানের বই অবলম্বনে তৈরি এই ছবিতে থাকছেন দুই প্রজন্মের হেভিওয়েট দুই তারকা রবার্ট ডি নিরো ও লিওনার্দো ডিক্যাপ্রিও। এত কিছুর পরেও দিন দিন বাজেট বৃদ্ধির কারণে কাজ এগিয়ে নিতে পারছেন না পরিচালক।

প্রথমে ছবিটি করার কথা ছিল প্যারামাউন্ট পিকচার্সের। কিন্তু যখন বাজেট ২০ কোটি ডলারে পৌঁছে যায়, তখন তারা পিছিয়ে আসে। তারপর স্করসেসি যোগাযোগ করেন নেটফ্লিক্সের সঙ্গে, যারা তার ‘দি আইরিশম্যান’ প্রযোজনা করে। তবে পাশাপাশি হলিউডের অন্যান্য বড় স্টুডিওগুলোর সঙ্গেও কথা চালাচ্ছেন।

অবশ্য স্করসেসির সঙ্গে এই প্রথম এমন ঘটছে না। ‘দি আইরিশম্যান’-এর সময়েও বাজেট এতটাই বেড়ে গিয়েছিল যে, প্যারামাউন্ট ছবিটি মাঝপথেই বিক্রি করে দেয় নেটফ্লিক্সকে। স্করসেসি আশা করেছিলেন ছবিটি অস্কারে ভালো ফল করবে, যা বাস্তবে হয়নি।