শোয়ার্জনেগারকে অনুকরণ করলেন ছেলে

আর্নল্ড শোয়ার্জনেগারের মতো কারো শরীর নমনীয় নয়— সম্ভবত এই কথাকে ভুল প্রমান করলেন অভিনেতার ছেলে জোসেফ বায়েনা।

সপ্তাহখানেক আগে বাবার বিখ্যাত বলি-বিল্ডিং পোজের অনুকরণ করে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ২২ বছরের জোসেফ। ক্যাপশনে তিনি বলেন, ‘কিছু পোজের অনুশীলনের জন্য সঠিক সময়।’

গত বছর এপ্রিলে স্নাতক শেষ করেছেন জোসেফ বায়েনা। সেই সময় খবরটি টুইটারে পোস্ট করে ছেলেকে অভিনন্দন জানিয়েছিলেন ‘টার্মিনেটর’ তারকা। ছেলেকে নিয়ে গর্বিত বলে উল্লেখ করেন।

জোসেফ ব্যবসা প্রশাসন বিষয়ে ক্যালিফোর্নিয়ার পেপারডাইন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন।

এ দিকে সম্প্রতি করোনাজনিত সংকট মোকাবিলায় এগিয়ে এসেছেন শোয়ার্জনেগার। গত সপ্তাহে ইনস্টাগ্রামে জানান, তহবিল সংগ্রহকারী একটি সংস্থাকে তিনি ১৪.৩ লাখ ডলার অনুদান দিচ্ছেন। এই টাকায় কেনা হবে হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম।

এই প্রসঙ্গে বলেন, ঘরে বসে কোনো কিছু নিয়ে সমালোচনায় তিনি বিশ্বাস করেন না। বরং বিদ্যমান অবস্থার পরিবর্তনে আমাদের সবার কিছু না কিছু করার আছে বলে তার বিশ্বাস।

অনেক দিন ধরে সিনেমা কম করছেন আর্নল্ড শোয়ার্জনেগার। সর্বশেষ অভিনয় করেছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়াল ‘টার্মিনেটর: ডার্ক ফেইট’-এ। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ততটা সাড়া ফেলতে পারেনি। সামনে দেখা যাবে ‘কুং ফিউরি টু’ সিনেমায়। এখানে তিনি প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করছেন।

হলিউডে অনেক জনপ্রিয় অ্যাকশন সিনেমা উপহার দেওয়া শোয়ার্জনেগার ২০০৩ সালে ২০১১ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার গভর্নরের দায়িত্বও পালন করেন।