আখাউড়ায় ৮০০ পরিবারকে আইনমন্ত্রীর খাদ্যসহায়তা

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত অর্থায়নে তার নির্বাচনী এলাকা আখাউড়ায় দ্বিতীয় পর্যায়ে দরিদ্র-অসহায় ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।

রবিবার রাত থেকে আখাউড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়।

আখাউড়ার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে এবং ওয়ার্ড ভিত্তিক ৮০০ পরিবারের তালিকা তৈরি করা হয়েছে।

ওই তালিকা অনুযায়ী প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, এক লিটার তেল, দুই কেজি আলু, দুই কেজি মসুর ডাল, এক কেজি লবণ ও একটি সাবান দেওয়া হচ্ছে।

এসব খাদ্যসামগ্রী তিন দিনের মধ্যে রিকশা, অটোরিকশা ও ঠেলাগাড়ি চালক, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে, ফুটপাতের দোকানি, গৃহকর্মী, নৈশপ্রহরী ও শ্রমিকসহ দরিদ্র-অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হবে।

এর আগে গত সপ্তাহে প্রথম পর্যায়ে আইনমন্ত্রী ব্যক্তিগত অর্থায়নে আখাউড়ার ৪০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল বলেন, মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত অর্থায়নে দেয়া খাদ্য সামগ্রী আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দেয়া শুরু করেছি।