আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কয়েক মাস আগে ব্রিটিশ রাজপরিবার ছেড়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। তারা প্রথমে কানাডা যান। এখন শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্থায়ী হবেন।
রাজকীয় পরিচয় ঝেড়ে ফেলার পর হ্যারি-মেগানের নতুন জীবন নিয়ে সবার বেশ আগ্রহ। ইতিমধ্যে নতুন চ্যারিটি আর্চিওয়েলের নামও ঘোষণা দিয়েছেন তারা।
তবে নতুন যে খবরটি আলোচনার ঝড় তুলেছে- ১০ লাখ ডলারের বিনিময়ে এক সাক্ষাৎকারে ব্রিটিশ রাজপরিবারের নানান গোপন তথ্য ফাঁস করতে রাজি হয়েছেন এই দম্পতি। এই খবর মনে করিয়ে দিচ্ছে হ্যারির মা প্রিন্সেস ডায়ানার ১৯৯৫ সালে দেওয়া বিখ্যাত সাক্ষাৎকারের কথা। সেখানে প্রিন্স চার্লসের সঙ্গে ব্যর্থ সংসার জীবন নিয়ে বিস্তারিত বলার দুই বছর পর তিনি দুর্ঘটনায় মারা যান।
অবশ্য হ্যারি ও মেগানের এই সাক্ষাৎকার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে শোনা যাচ্ছে রাজপরিবার ত্যাগের বিস্তারিত জানা যাবে তাদের মুখে। সঞ্চালকের ভূমিকায় থাকতে পারেন অপরাহ উইনফ্রে। আর তাই যদি হয়- এটি হতে যাচ্ছে দশকের সবচেয়ে বড় সাক্ষাৎকার। সারাবিশ্বের কোটি কোটি দর্শকের মনোযাগ কাড়বে সাক্ষাৎকারটি।
আপাতত করোনা পরিস্থিতির কারণে পুরো বিষয়টি স্থগিত রয়েছে।
এ দিকে সম্প্রতি বিনোদন দুনিয়ায় ফের পা রেখেছেন এক সময়ের অভিনেত্রী মেগান মার্কেল। ডিজনি প্লাসের একটি প্রামাণ্যচিত্রে ন্যারেটরের ভূমিকা পালন করেছেন তিনি।