ত্রাণের দাবিতে মানববন্ধন, ত্রাণ লুটের মামলায় গ্রেপ্তার ৫

জামালপুর পৌর এলাকার রশিদপুর ও বাগেরহাটায় ত্রাণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে কর্মহীন হতদরিদ্র মানুষেরা।  এদিকে রবিবার ত্রাণ লুটের ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার দপুরে পৌর এলাকার রশিদপুর বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে নিম্ন আয়ের কর্মহীন লোকজন। পরে পৌর মেয়র ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ সহায়তার আশ^াস দিলে মানববন্ধন তুলে নেয় তারা। 

এছাড়া দুপুরে ১১ নং ওয়ার্ডের বাগেরহাটা এলাকায় ত্রাণ বিতরণকালে বিক্ষোভ করে ত্রাণ বঞ্চিত দুই শতাধিক লোক। এ সময় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

জামালপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রাকিব হোসেন রাজু জানান, ১১ নং ওয়ার্ডের নি¤œআয়ের মানুষ রয়েছে ৫ হাজার। কর্মহীন হয়ে পড়ায় তাদের প্রত্যেকের ত্রাণের চাহিদা দেখা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ১১ নং ওয়ার্ডে মাত্র ৩৫০ পরিবারের জন্য ত্রাণ পাওয়া গেছে। চাহিদার তুলানায় ত্রাণ অপ্রতুল হওয়ায় বেশিরভাগ হতদরিদ্র মানুষ এখনও ত্রাণ সহায়তার বাইরে রয়েছে।

এদিকে রবিবার শহরের মুকুন্দবাড়ী এলাকায় ত্রাণ লুটের ঘটনায় জামালপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা বাদি হয়ে রাতেই ১৩ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ মামলার এজাহারভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে।