পাকিস্তান দলে অভিষেকের পর থেকেই দারুণ ধারাবাহিক বাবর আজম। যে ধারাবাহিকতা ও ব্যাটিং প্রতিভার জন্য ডানহাতি এই ব্যাটারকে অনেকেই বিরাট কোহলির সঙ্গেও তুলনা করে থাকেন। এবার যে দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তার বিশ্বাস, সঠিক পরিবেশ পেলে একদিন কোহলিকে ছাড়িয়ে যাবেন বাবর।
কোহলির প্রায় ৭ বছর পর আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু বাবরের। ২০১৫ সালে যখন তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক, কোহলি তত দিনে নিজেকে সময়ের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।
এখন পর্যন্ত ৪১৫ আন্তর্জাতিক ম্যাচে ভারত অধিনায়কের রান ২১৯০১। অন্যদিকে পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলে ১৩৮ ম্যাচে ৬৬৮০ রান বাবরের। এখনই দুজনের তুলনাটা তাই চলে না কোনো ভাবেই।
তবে রমিজ বাবরের মাঝে দেখছেন বড় সম্ভাবনা, ‘আকাশ ছোঁয়ার সামর্থ্য আছে বাবর আজমের। তবে সেটার জন্য অবশ্যই ওকে এমন একটা পরিবেশ দিতে হবে, যা ওকে ভালো পারফর্ম করতে উদ্বুদ্ধ করে প্রতিনিয়ত। এটা না হলে ও ওর প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারবে না।’
রমিজ যোগ করেন, ‘কোহলিকে হারিয়ে দেওয়ার সামর্থ্যও তার (বাবর) আছে। তবে এর জন্য ওকে মুক্ত মনের হতে হবে। হারের ভয় থাকলে চলবে না। যত দূত সে তা করতে পারবে এবং রান করা ও জয়ের অভ্যাস করতে পারবে, ততই সে দীর্ঘ সময়ের জন্য দুর্দান্ত একজন খেলোয়াড় হয়ে থাকবে।’