সিলেটে অস্ত্রোপচারে সন্তান জন্মদানকারী মা করোনায় আক্রান্ত

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানকারী এক মা (২৫) করোনায় আক্রান্ত বলে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। প্রসূতি ওই নারীর প্রয়োজনীয় নমুনা গত রবিবার পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হয়েছেন। 

এর প্রেক্ষিতে ওই নারীকে সোমবার সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ওই নারীর বাড়ি সুনামগঞ্জ জেলার সদর ইউনিয়নের সুরমা ইউনিয়নে। তার স্বামী নারায়নগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ১০ দিন আগে তিনি বাড়িতে আসেন। স্বামীর মাধ্যমে ওই নারী করোনায় সংক্রমিত হয়েছেন কি-না তা নিশ্চিত হতে তার স্বামীর নমুনা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য জানিয়ে দেশ রূপান্তরকে বলেন, ওসমানী হাসপাতালের গাইনি ওয়ার্ডে আপাতত রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। এছাড়া ওই নারীর অস্ত্রোপচারকারী চিকিৎসক, নার্স, আয়াসহ সংশ্লিষ্ট ২২ জনের নমুনা পরীক্ষা করা হবে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ডা. হিমাংশু জানান, ওই নারীর নবজাতক শিশু সুস্থ আছে। তবে শিশুরও করোনা পরীক্ষা করা হবে। 

শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, আক্রান্ত ওই নারীকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।