অ্যাম্বুলেন্সে করে মাদক সেবন করতে এসে ধরা

অ্যাম্বুলেন্সে করে মাদক সেবনের জন্য এসে স্থানীয় জনতার হাতে ধরা খেল অ্যাম্বুলেন্সের চালক ও তার সহকারী। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন বোতল ফেনসিডিল। পরে স্থানীয়রা অ্যাম্বুলেন্সসহ পুলিশের হাতে তুলে দেয় আটকদের। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর (কাউয়ার বাজার) এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলো রংপুর কোতোয়ালি থানার ধাপ হাজীপাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে অ্যাম্বুলেন্সের চালক হাফিজুর রহমান পাভেল (২৫) ও তার সহকারী উত্তম মৌলভীপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে মুন্না (২২)। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাত বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।