নাটোরে ৪৫০ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ

নাটোরে দেড় লক্ষাধিক টাকা মূল্যের গরু জবাই করে এলাকার অস্বচ্ছল ও কর্মহীন মানুষের মাঝে গরুর মাংস, চাল, ডাল ও আলুসহ খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন মো. জাহিদুর রহমান জাহিদ নামের এক ব্যক্তি।

ব্যতিক্রমী এই ঘটনায় নাটোরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে ঘরে ঘরে গিয়ে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের ঝাউতলা এবং শতপল্লী আদর্শ গ্রামে ৪৫০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক করিম বাবু, রিয়াজুল ইসলাম রনি, মামুন আলী, ইউসুফ আলী, জামাল প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. জাহিদুর রহমান জাহিদ তার বড় ভাই সৌদিপ্রবাসী মোহাম্মদ আলীর সহযোগিতায় করোনা পরিস্থিতি মোকাবিলায় এই দুটি মহল্লার প্রতিটি পরিবারকে এই সহযোগিতা প্রদান করেছেন।

জাহিদুর রহমান জাহিদ বলেন, করোনা মোকাবিলায় শুরু থেকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশনায় ও পরামর্শক্রমে ব্যক্তিগতভাবে এবং পরিবার ও আত্মীয় স্বজনের সহযোগিতা নিয়ে এই এলাকার মানুষের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি । এভাবে দেশে এবং প্রবাসে অবস্থানরত বিত্তবানদের এগিয়ে আসতে হবে।