রমজান উপলক্ষে মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং বাজারজাত করতে আরও ১১ প্রতিষ্ঠানকে তাগিদ দিয়ে চিঠি পাঠিয়েছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রমজান মাসে ইফতার ও সাহরিতে বহুল ব্যবহৃত হয় এ রকম পণ্য উৎপাদন ও বাজারজাতকারী ১১ প্রতিষ্ঠানকে গতকাল সোমবার চিঠি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএসটিআই।
এর আগে গত রবিবার বৃহৎ ২০টি প্রতিষ্ঠানকে মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাত করার তাগিদ দিয়ে চিঠি পাঠানো হয়। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানকেও চিঠি দেওয়া হবে।
১১ প্রতিষ্ঠান হলো- ড্যানিশ ফুড, ভিটাল্যাক ডেইরি অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ, প্রিন্স ফুড প্রোডাক্টস, এসিআই লজিস্টিকস (স্বপ্ন), মিনা সুইটস অ্যান্ড কনফেকশনারি, পারটেক্স ফুড অ্যান্ড বেভারেজ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অয়েল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি, রস লিমিটেড এবং ওমেগা ডিস্ট্রিবিউশন।
প্রতি বছর পহেলা বৈশাখ ও রমজান মাসসহ বিভিন্ন উপলক্ষে খাদ্যসহ বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিম্নমানের ও মেয়াদহীন দেশি এবং আমদানিকৃত পণ্য বিক্রি ও বিতরণের অপচেষ্টা চালায়।
এ ধরনের অপতৎপরতা রোধে বিএসটিআই প্রতিটি দিবস উপলক্ষের আগেই বাজারসহ বিভিন্ন আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স কার্যক্রম জোরদার করে।
বিএসটিআই জানিয়েছে, প্রতি বছরের মতো এ বছরও বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ রাজধানীর মগবাজার, রামপুরা, হাজীপাড়া ও গুলশান এলাকার সুপার শপ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআইয়ের বাধ্যতামূলক পণ্য বিক্রি ও বিতরণে সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স সমন্ধে নিশ্চিত হওয়ার জন্য লাইসেন্সের কপি এবং আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে বিএসটিআই প্রদত্ত ছাড়পত্রের কপি সংগ্রহ এবং মেয়াদবিহীন কোনো পণ্য বিক্রি ও বিতরণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়।