করোনা মোকাবিলায় তহবিল বাড়াল এডিবি

করোনা মোকাবিলায় ২ হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল সোমবার ম্যানিলায় সংস্থাটির প্রধান কার্যালয় এ ঘোষণা দিয়েছে। এটি আগের স্বাস্থ্য ও অর্থনীতিতে করোনা মহামারীর প্রভাব মোকাবিলায় আর্থিক সহায়তা প্যাকেজের তিনগুণ। গত মাসে ৬৫০ কোটি ডলারের প্রাথমিক প্যাকেজ ঘোষণা করে এডিবি। আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে এডিবি জানিয়েছে, প্যাকেজের মধ্যে ২৫০ কোটি ডলার থাকবে সহজ শর্তের ঋণ ও অনুদান। বেসরকারি খাতের জন্য থাকবে ২০০ কোটি ডলার। বাংলাদেশ এরই মধ্যে এডিবির কভিড-১৯ প্যাকেজ থেকে সহায়তা পেয়েছে। গত ২৭ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সরঞ্জাম কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার অনুদান অনুমোদন দেয় এডিবি। এরপর ১ এপ্রিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট কর্মসূচির প্রশিক্ষণার্থীদের ঝরেপড়া ঠেকাতে ১৩ লাখ ডলার আর্থিক সহায়তা অনুমোদন দেয় এডিবি। এই সহায়তার আওতায় ২২ হাজার ৬১৭ প্রশিক্ষণার্থী নগদে এককালীন ৫ হাজার টাকা সহায়তা পাবেন। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া বলেন, এই মহামারীতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দারিদ্র্য আরও বাড়তে ও অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। তিনি বলেন, এই সহযোগিতা প্যাকেজ উন্নয়নশীল দেশগুলোর ও  বেসরকারি খাতকে আরও দ্রুত এই মহামারী থেকে উত্তরণের জন্য সরবরাহ করা হবে।