বিষণ্ন বৈশাখে আলোকিত দিনের অপেক্ষায় রুবেল

করোনাভাইরাস কেড়ে নিয়েছে এবারের বাংলা নববর্ষের সব আনন্দ। ফিকে প্রকৃতি। বিষণ্ন ভরা পয়লা বৈশাখে করোনা যুদ্ধ জয় করার প্রত্যয় জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। তার চোখ আলোকিত পৃথিবীর দিকে।

নববর্ষ উপলক্ষে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রুবেল লিখেছেন- “বিষণ্ন বৈশাখ। এই যুদ্ধ জয় করে নিশ্চয়ই পৌঁছাব ১৪২৭ -এ। সকলে মিলে এক সাথে মেতে উঠব আনন্দে, কোলাহলে। এ অন্ধকার কেটে যাবে আলোকিত হবে সারা পৃথিবী। সেদিনের অপেক্ষায় রইলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।”

করোনাভাইরাসের থমকে গেছে গোটা পৃথিবী। প্রাণঘাতী এই বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ লাখের বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ সাড়ে ১৯ হাজার। এর প্রকোপ পড়েছে বাংলাদেশেও।

সোমবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০৩ জন, মৃতের সংখ্যা ৩৯। করোনা আতঙ্ক গিলে খেয়েছে নববর্ষের আনন্দও।