দেশের পশ্চিম জোনের সর্ববৃহত্তম রেলওয়ে জংশন দিনাজপুরের পার্বতীপুর স্টেশনে করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া শতাধিক ছিন্নমূল মানুষকে এক বছরের খাবারের দায়িত্ব নিলেন ফ্যানপেজ ‘হ্যালো পার্বতীপুর’।
তারা নিজেরাই রান্না করে এসব ছিন্নমূল মানুষকে খাবার খাওয়াচ্ছেন।
এ ধরনের মানবিক কাজে আত্মনিয়োগ করায় পার্বতীপুরের একদল তরুণ সর্বমহলের প্রশংসা কুড়িয়েছে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা কর্মস্থলে কর্মরত এই তরুণরা।
‘হ্যালো পার্বতীপুর’ নামে একক মঞ্চে তারা জোট হয়ে কর্মহীন মানুষের সেবায় মাঠে নেমেছে।
তাদের নিজেদের ও দাতাদের কাছ থেকে সংগৃহীত অর্থে কেনা ১ হাজার মাস্ক, ১ হাজার সাবান বিতরণ ও শহরের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।
এছাড়া কর্মহীন ৪৫০টি পরিবারের মাঝে চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, টোস্ট বিস্কুট বিতরণ করা হয়।
গত সোমবার ‘হ্যালো পার্বতীপুর’এর উদ্যোগে সারা বছরের এ খাবার বিতরণ উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
ফ্যানপেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘হ্যালো পার্বতীপুর’ অ্যাডমিন সিরাজুল ইসলাম ইমু বলেন, এ উদ্যোগ দেখে অনেকেই সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা তাদের খাবার ব্যবস্থা করতে পারায় খুব ভালো লাগছে। আমরা পার্বতীপুরবাসীর সহযোগিতা ছাড়া কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে পারতাম না। আশা করি এ ঘটনার অনুপ্রেরণা থেকে ভবিষ্যতে তরুণরা মানবিক কাজে মানুষের পাশে দাঁড়াবে।
উল্লেখ্য, করোনায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো পার্বতীপুরের এই উদ্যোমী তরুণরা এর আগেও বিভিন্ন সময় শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ এবং ঈদের সময় গরীবের মাঝে উন্নত খাবার বিতরণ করেন।