ত্রাণের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে ত্রাণ বঞ্চিত ২ শতাধিক অভাবি মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মিছিলটি চরকৈজুরি বাজার থেকে শুরু হয়ে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বাড়িতে যাওয়ার সড়কমুখের মসজিদ এলাকা ঘুরে আবার চরকৈজুরি বাজারে গিয়ে শেষ হয়।
এ ঘটনা জানার পর ইউপি চেয়ারম্যান সাইফুলের লোকজন ক্ষুব্ধ হয়ে লাঠিসোটা নিয়ে বের হয়ে পাথালিয়াপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা ও কৃষকলীগ নেতাসহ ৩ বাড়ি ভাংচুর করে।
এ ঘটনায় নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন মো: সজিব হোসেন (৩৫) ও মাকসুদা খাতুন (২০)।
এ বিষয়ে কৈজুরি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য চাঁন প্রামানিক ও কৈজুরি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন জানান, চরকৈজুরি গ্রামের ত্রাণ বঞ্চিত ২ শতাধিক অভাবি মানুষ চরকৈজুরি বাজারে জড়ো হয়ে ত্রাণের দাবিতে কৈজুরি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে এ বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চরকৈজুরি বাজার থেকে শুরু হয়ে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বাড়িতে যাওয়ার সড়কমুখের মসজিদ এলাকা ঘুরে আবার চরকৈজুরি বাজারে গিয়ে শেষ হয়। খবর পেয়ে চেয়ারম্যান সাইফল ইসলামের বড় ভাই আব্দুল খালেকের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তাদের ৩ বাড়ি ভাংচুর করে। এ ছাড়া মহিলা সহ ২ জনকে মারপিট করে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ত্রাণের যে বরাদ্দ পাওয়া গেছে তা ট্যাগ অফিসারের উপস্থিতিতে ডিজিটাল মিটার দিয়ে মেপে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। একটি কুচক্রি মহল ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট করতে এ কাজ করেছে।
হামলা ও ভাংচুরের বিষয়ে তিনি বলেন, খবর পেয়ে উত্তেজিত জনতা মহড়া দিয়েছে। হামলা ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, শুনেছি ত্রাণের দাবিতে কিছু উশৃঙ্খল লোক বিক্ষোভের চেষ্টা করে। আমাদেও যাওয়ার কথা শুনে তারা পালিয়েছে। হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেনি।