ডোমারে ৩ চিকিৎসকসহ ২৫ জন কোয়ারেন্টাইনে

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসকসহ ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা জলঢাকা উপজেলার এক রোগীর করোনা শনাক্ত হওয়ায় ওই নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য বিভাগ।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত সোমবার করোনা শনাক্ত হওয়া জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের ওই যুবক গত ৮ এপ্রিল পাতলা পায়খানা ও জ্বর নিয়ে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ১১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হলে পজিটিভ ধরা পড়ে। তাই যুবকের সংর্স্পশে আসা তিন চিকিৎসকসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৫ জনকে কোয়ারেন্টাইনের নির্দেশ প্রদান করেন সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ইব্রিহিম জানান, ‘ওই নির্দেশনার মধ্যে তিন চিকিৎসক, ১২ নার্স, দুই চিকিৎসা সহকারী, দুই ওয়ার্ড বয়, এক আয়া, দুই নৈশ্য প্রহরী, দুই অফিস সহায়ক এবং একজন পরিচ্ছন্নতা কর্মীসহ ২৫জন রয়েছেন। তাদের মধ্য থেকে  মঙ্গলবার তিন চিকিৎসক ও এক চিকিৎসকের সন্তানসহ ছয় জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার আরও কয়েক জনের নমুনা সংগ্রহ করা হবে।’ 

সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, ‘জলঢাকার ওই যুবক নারায়ণগঞ্জ থেকে ফেরত আসার পর পাতলা পায়খানা ও জ্বর নিয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। গত ১১ এপ্রিল তার করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। ১৩ এপ্রিল বিকালে পরীক্ষার ফল পজেটিভ আসে। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবকের সংস্পর্শে আসাদেরকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপশি যুবকের বাড়িসহ পাশ্ববর্তী ১৪ বাড়ি লকডাউন করা হয়েছে।