সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানার ভূইঁয়াগাতী বাজার এলাকায় সোমবার বিকেলে অভিযান চালিয়ে র্যাব -১২ এর একটি দল ১০ টাকা কেজি দরের ৫০ বস্তা (২ হাজার ৫০০ কেজি) চালসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হল- সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামের আব্দুস সাত্তার (৫০), ঘুড়কা নতুনপাড়া গ্রামের ছাদেক (৩৮) ও আবুল হাসেম (২২)।
মঙ্গলবার দুপুরে র্যাব-১২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, ১০ টাকা কেজি দারের ২ হাজার ৫০০ কেজি চাল কালোবাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ওই বাজারে নিয়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ অভিযানে ১টি মিনি ট্রাকসহ চাল ও ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এ অভিযানে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামিমুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, গ্রেপ্তার ওই ৩ জনকে মঙ্গলবার দুপরের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।