ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পা কেটে নেওয়া সেই মোবারক মিয়া (৪৫) ঘটনার তিন দিন পর হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আবদুল খান বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মোবারক মারা যান।
এর আগে গত ১২ এপ্রিল থানাকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
কয়েক দফায় চলা ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে জিল্লুর রহমানের সমর্থক মোবারক মিয়ার এক পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামে আনন্দ মিছিল করেন কাউসার মোল্লার সমর্থকরা।
সংঘর্ষের ঘটনায় পুলিশ দুপক্ষের ‘প্রধান হোতা’ জিল্লুর রহমান ও কাউসার মোল্লাসহ ৪২ জনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।