কুমিল্লার দেবিদ্বারে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে ফাতেমা মৃত ঘোষণা করেন।
মৃত যুবক উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার ছেলে দুলাল ভূঁইয়া। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং দেবীদ্বার নিউমার্কেট মাজেদ ম্যানশনে দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাব সংলগ্ন তার মামার ‘ভাই ভাই পোলট্রি ফিডস’র ব্যবসা পরিচালনা করতেন।
ওই ঘটনার পর প্রেস ক্লাবের পক্ষ থেকে এক নোটিশে আইইডিসিআর’র রিপোর্ট আসার পূর্ব পর্যন্ত দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাব ও ব্যবসা-প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে ফাতেমা জানান, ওই কলেজছাত্র দীর্ঘদিন অ্যাজমা রোগে ভুগছিলেন এবং কিছু দিন ধরে তার জ্বর, সর্দি ছিল বলে পরিবারের লোকজন জানান।
সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যু হয়। পরিবারের দাবি অনুসারে করোনার নানা লক্ষণ থাকার কারণে নমুনা সংগ্রহ করা হয়েছে।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের উপস্থিতিতে মৃত ওই কলেজছাত্রকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।