ছাত্র দিয়ে এসএসসি খাতা মূল্যায়ন: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে মো. বাচ্চু মিয়া নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র টির্চার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও একই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান।

সংশ্লিষ্টরা জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এসএসসি-২০২৬ সালের সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার বিদ্যালয়ের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে এলে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রীর নির্দেশনার পর এ ঘটনায় শনিবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ও ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত