২০২১ সালের আগে ক্লাসে ফিরছে না পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

করোনার কারণে বন্ধ রয়েছে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে পশ্চিমা কিছু নামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্লাস বন্ধ থাকবে ২০২১ সাল পর্যন্ত।

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ‘ইন-পারসন সামার অ্যাক্টিভিটিস’ বাতিল করেছে। শরৎকালীন সেমিস্টারেও শিক্ষার্থীদের ক্লাস বসা নিরাপদ মনে করা হচ্ছে না। তাই দূরশিক্ষণ পদ্ধতিতে হতে পারে ক্লাস।

অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, এই প্রেক্ষিতে ২০২১ সালের জানুয়ারিতে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ইতিমধ্যে গ্রীষ্মে দূরশিক্ষণ কোর্সের প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়টি। এর জন্য ন্যূনতম আবাসন ও ডাইনিং সেবা অব্যাহত রাখার পরিকল্পনা করেছে। তবে এখনো শরৎকালীন সেমিস্টারে শিক্ষার্থীদের ফিরে আসা নিয়ে আশাবাদী কেউ কেউ। তেমনটাই জানালেন প্রোভোস্ট ও চিফ একাডেমিক অফিসার জিন মরিসন।

ক্লাস বাতিল বা দূরশিক্ষণ পদ্ধতি, একাডেমিক অনুষ্ঠান বাতিলের কারণে শিক্ষাদান ও শিক্ষার্থীদের নিত্য রুটিনে অনেক পরিবর্তন ঘটবে। অনেক শিক্ষার্থীরা সংকট কাটিয়ে উঠা নিয়ে আশাবাদী। যেমন; বোস্টন ইউনিভার্সিটির ছাত্র নিকোল সমারস্টাইনের স্নাতক সম্পন্ন হওয়ার কথা ২০২১ সালের মে মাসে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তিনি মনে করছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত যৌক্তিক।

একই চিত্র দেখা যেতে পারে অন্যান্য নামি বিশ্ববিদ্যালয়ে। করোনা সংক্রমণের প্রথমদিকে শিক্ষার্থীদের বাড়ি পাঠায় হার্ভার্ড ইউনিভার্সিটি। সেখানেও শরৎকালীন সেমিস্টারে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট লরেন্স এস বাক্রো। অবশ্য ইউনিভার্সিটি অব অ্যারিজোনা কর্তৃপক্ষ শরৎকালীন সেমিস্টারে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরা নিয়ে এখনো আশাবাদী। তবে পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।