ইরানি খুদে ভক্তের ভালোবাসায় সাড়া দিলেন মেসি

বয়স মাত্র ছয়। অসাধারণ ফুটবল দক্ষতা দেখিয়ে এরই মধ্যে হয়ে উঠেছেন ইন্টারনেট সেনসেশন। সেই আরাত হোসেইনির প্রিয় তারকা লিওনেল মেসি। ইরানের এই খুদে ভক্তের ফুটবল প্রতিভা এবার নজরে পড়েছে বার্সেলোনা তারকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, আরাত হোসেইনি নামের ওই শিশু নিজের ঘরকেই মাঠ বানিয়ে নিয়েছে। গায়ে বার্সেলোনায় মেসির ১০ নম্বর জার্সি।

“মেসি তোমাকে ভালোবাসি”- বলে শুরু করে একের পর এক বিস্ময়কর দক্ষতার প্রদর্শনী। পায়ে বল নিয়ে নানা কারিকুরি শেষে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল! গোল দেওয়ার ধরন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হলেও আরাত শুধুই মেসির ভক্ত।

অল্প সময়েই ভাইরাল হয়ে যায় আরাতের সেই ভিডিও। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা এখন এক লাফে ৩ মিলিয়নের বেশি। শুধু কি তাই খোদ মেসি আরাতের সেই পোস্টে কমেন্টও করেছেন- “ধন্যবাদ আরাত!! আমি তোমার মধ্যে দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছি, দুর্দান্ত! ভালোবাসা!!”

মেসির মন্তব্যে দারুণ খুশি আরাত জবাবে লিখেছে, “আমার ভিডিওতে মন্তব্য করার জন্য লিও মেসি তোমাকে ধন্যবাদ।”

আরাতের স্বপ্ন একদিন সে বার্সেলোনাতে খেলবে। সে নিজেকে মেসির সঙ্গে তুলনা করে। বড় হয়ে মেসির মতো হতে চায়। তার প্রিয় খেলা ফুটবল হলেও জিমন্যাস্টিক, বাস্কেটবল ও তায়কোয়ান্দোতে দক্ষতা আছে আরাতের।