পার্বতীপুরে কাল বৈশাখীতে নার্স নিহত

দিনাজপুরের পার্বতীপুরে কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ইতি রানী রায় (৩০) নিহত হয়েছে। 

তিনি পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দূর্গাপুর খামারপাড়া গ্রামের মৃণাল রায়ের স্ত্রী।

বুধবার সকালে বাড়ি থেকে তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে কর্মস্থল যাওয়ার পথে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে চান্দাপাড়ায় পৌঁছালে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়েন। এ সময় তার মাথায় গাছের একটি ডাল ভেঙ্গে পড়লে তার স্বামী অক্ষত থাকলেও তিনি গুরুতর আহত হন। পড়ে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পার্বতীপুর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মাফী জানান, এক কন্যা সন্তানের জননী ইতি রানী রায় প্রায় তিন বছর ধরে এ হাসপাতালে কর্মরত ছিলেন।