রাবার বাগানে নারীর ঝুলন্ত লাশ

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউপির পদ্মছড়ায় রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় তিন সন্তানের এক জননীর লাশ পাওয়া গেছে। 

বুধবার সকালে মাধবপুর পদ্মছড়া চা বাগানের রাবার বাগানে লাশটি পাওয়া যায়। নিহত সেলিনা আক্তার মাধবপুর নোয়াগাঁও এর মৃত মনু মিয়ার স্ত্রী। তার তিনটি ছেলে সন্তান রয়েছে। 

পদ্মছড়া চা বাগান ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টায় রাবার শ্রমিকরা গাছ থেকে তরল রাবার সংগ্রহ করতে এসে একটি গাছের ডালে ঝুলন্ত লাশ দেখে ইউপি সদস্য ও চা বাগান কর্তৃপক্ষকে খবর দেয়। 

পরে কমলগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করলে পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলে এসে লাশটি গাছ থেকে নামিয়ে সুরতহাল তৈরি করেন।

মাধবপুর ইউপি সদস্য আব্দুল আহাদ দেশ রূপান্তরকে  বলেন, কয়েক বছর আগে এ নারীল স্বামী মারা যান। তার তিন ছেলে সন্তানের মধ্যে বড়টি দশম শ্রেণির ছাত্র। কী কারণে বা কীভাবে গাছের ডালে ঝুলে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। তা ছাড়া এ বিধাব রাবার গাছে উঠতে পারার কথাও না। বিষয়টি পুলিশ তদন্ত করলে বোঝা যাবে।

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, এ মৃত্যুটি রহস্যজনক। নিহতের বড় ছেলে বলেছে সকাল সাড়ে ৭টায় তাদের মা তাদের নাশতা খাইয়ে বাইরে থেকে আসছি বলে বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি  ও ঘটনাস্থলের দূরত্ব আধা ঘণ্টার। কীভাবে ঘটনাটি ঘটে তা তিনি বুঝতে পারছেন না। তিনি মনে করেন লাশের ময়নাতদন্ত শেষে বোঝা যাবে প্রকৃত ঘটনা।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ দেশ রূপান্তরকে বলেন, লাশের সুরতহাল তৈলি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী তদন্ত চলবে। 

তিনি বলেন, এ মৃত্যু কিছুটা রহস্যজনক।