করোনা আক্রান্ত ব্যাংকার পাবেন ১০ লাখ টাকা, মারা গেলে ৫ গুণ

দায়িত্ব পালনের সময় করোনাভাইরাসে আক্রান্ত ব্যাংকারদের বিশেষ স্বাস্থ্য বিমা সুবিধা এবং অনুদান প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হলে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা বিমা–সুবিধা পাবেন। আক্রান্ত হওয়ার ১৫ দিনের মধ্যে এ সুবিধা দিতে হবে এবং পুরো চিকিৎসা খরচ ব্যাংককে বহন করতে হবে।

এ ছাড়া কেউ মারা গেলে পদভেদে তার পরিবার পাবে ৫ গুণ বেশি সুবিধা। ব্যাংককে অনুদান হিসেবে এ অর্থ দিতে হবে এবং তার বেতন–ভাতা এবং অন্য সুবিধার সঙ্গে সমন্বয় করা যাবে না। পাশাপাশি এ বিশেষ সময়ে ব্যাংকে যাতায়াতের সময় কেউ দুর্ঘটনায় পড়লে ব্যাংককে পুরো চিকিৎসার দায়িত্ব নিতে হবে।

সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকে এ নির্দেশনা কার্যকর হবে। নির্দেশনা বলবৎ থাকবে সরকারি ছুটি শেষে হওয়ার ৩০ দিন পর পর্যন্ত।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকিং দায়িত্ব পালন করতে গিয়ে কিছুসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় ব্যাংকিং খাতকে সচল রাখতে যাঁরা তাঁদের জীবন ও পরিবারকে ঝুঁকিতে রেখে দায়িত্ব পালন করছেন বা করেছেন, তাঁদের দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বিশেষ স্বাস্থ্যবিমা সুবিধা এবং বিশেষ অনুদান প্রদানের সিদ্ধান্ত হয়েছে।