করোনায় প্রবাসীকর্মী মারা গেলে ৩ লাখ টাকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশি কেউ মারা গেলে পরিবারকে তিন লাখ টাকা দেবে সরকার।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কোভিডে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাদের পরিবার তিন লাখ টাকা করে পাবে। এ ছাড়া দেশে ফিরে আসা প্রবাসীরা ব্যবসা-বাণিজ্যের জন্য পাঁচ থেকে ১০ লাখ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ঋণ সুবিধা পাবেন।

আন্তঃমন্ত্রণালয় সভায় প্রবাসী বাংলাদেশিদের ফেরানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এই সময়ে তাদের দেশ থেকে প্রবাসীদের সংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যদি না আনি, তাদের হ্যাঁ না বলি, তাহলে তারা আমাদের থেকে আর লোক নেবে না। সে জন্য আমরা আনছি। কিন্তু খুব উৎসাহ দেখিয়ে আনছি না। আনছি, না আনলে অসুবিধা হবে সেজন্য। অল্প অল্প করে।

সৌদি আরবে জেলবন্দি বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজও চলছে বলে জানান তিনি। 

সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।