ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে প্রথম খেলোয়াড় হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ডিফেন্ডার দানিয়েল রুগানি। এরপর ক্লাবটিতে খেলা ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্লেইস মাতুইদির শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়ে। বুধবার জুভেন্তাস জানিয়েছে তাদের দুই খেলোয়াড়ই করোনা থেকে সেরে উঠেছেন।
ইতালিয়ান ডিফেন্ডার রুগানি গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হন। ইলাতির শীর্ষ ফুটবলে তিনিই প্রথম ফুটবলার, যার শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। এর কিছুদিন পরই ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার মাতুইদির শরীরেও করোনার সংক্রমণ ধরা পড়ে।
এক বিবৃতিতে জুভেন্তাস জানায়, ‘নিয়ম অনুসারে রুগানি ও মাতুইদি দুজনেরই করোনাভাইরাস দুইবার করে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। খেলোয়াড়রা সুস্থ হয়েছে উঠেছে। তাদের আর হোম আইসোলেশনের প্রয়োজন হচ্ছে না।’
জুভেন্তাসের আরেক তারকা পাওলো দিবালাও করোনায় আক্রান্ত হন। ২১ মার্চ করোনা আক্রান্ত হওয়ার পর দিবালা বলেছিলেন, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবে আর্জেন্টাইন তারকার সর্বশেষ অবস্থার জানায়নি জুভেন্তাস। দিবালা অবশ্য কদিন আগে বলেছিলেন, তিনি এখন ভালো অনুভব করছেন।