দিনাজপুরের পার্বতীপুরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল স্থানীয় স্বাস্থ্য বিভাগকে নিশ্চিত করেছে। এরপরই স্থানীয় প্রশাসন পার্বতীপুর শহরের নামাপাড়া মহল্লার ২০ বাড়ি লকডাউন করে দিয়েছে। পার্বতীপুর উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হল।
এনিয়ে দিনাজপুর জেলায় করোনা সংক্রমণ হলো ৮ জনের। বুধবার শনাক্ত হওয়া রোগী ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে জ্বর, কাশি, সর্দি ও মাথাব্যাথা নিয়ে নামাপাড়া মহল্লায় আসে। পরে সন্দেহ হলে তার সোয়াব (লালা) পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়।
বুধবার সন্ধ্যা ৭টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী দৈনিক দেশ রূপান্তর কে জানান, পার্বতীপুরে কোভিড-১৯ আক্রান্ত এই রোগীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। এলাকার মানুষের কথা চিন্তা করে আশেপাশের ২০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। যতদিন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ্য না হয় ততদিন লকডাউন থাকবে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন। পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে ২০টি বাড়ি লকডাউন করা হয়।
পার্বতীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান দৈনিক দেশ রূপান্তর কে জানান, করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে শহরের নামাপাড়া মহল্লার ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এসব বাড়ি থেকে কেউ বাহিরে যেতে বা কাউকে সেই বাড়িগুলোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।