ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সেকেন্দার মিয়াকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বুধবার জানান, তার বিরুদ্ধে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ ভাবে অর্থ গ্রহণের অভিযোগে মামলা করার পর গ্রেপ্তার করা হয়।
প্রণব জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-০১ এর সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে গত সোমবার মামলাটি দায়ের ও তাকে গ্রেপ্তার করেন।
সেকেন্দার মিয়া জনপ্রতিনিধি হয়ে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাসমূহ সঠিকভাবে জনগণের কাছে বিতরণ করেননি। অবৈধভাবে টাকার বিনিময়ে কার্ড দিয়েছেন এবং অবৈধভাবে অর্থ গ্রহণ করে লাভবান হয়েছেন।
এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, এজাতীয় আইনি কার্যক্রম অব্যাহত রাখা হবে। ত্রাণ বিতরণে তালিকা প্রস্তুত, সরবরাহসহ সকল কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।