ঈশ্বরদীতে ত্রাণের দাবিতে সেনাবাহিনীর টহল গাড়ি আটকিয়ে সড়ক অবরোধ করেছে কর্মহীন শত শত নারী-পুরুষ। গতকাল বুধবার সকালে ঈশ্বরদী-পাবনা সড়কের ঢুলটিতে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে ভুক্তভোগী ওই অসহায় মানুষদের ত্রাণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
প্রত্যক্ষদর্শী খালেদ মাহমুদ সুজন নামের এক ব্যক্তি জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি, বহরপুর, দেবীপুর, বেদুনদিয়া ও কান্দিপাড়া গ্রামের শত শত নারী-পুরুষ সরকারি কোনো প্রকার সাহায্য- সহযোগিতা না পেয়ে সামাজিক দূরত্ব পায়ে ঠেলে সকাল ৬টা থেকে ঈশ্বরদী-পাবনা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।
তাদের উদ্দেশ্য সেনাবাহিনীর গাড়ি এলেই তাদের সঙ্গে কথা বলে মানবিক খাদ্য সহায়তা প্রদানের জন্য আকুতি জানানো। শেষ পর্যন্ত সকাল ৯টার দিকে সেনাবাহিনীর টহল টিম অবরোধকারীদের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।