এক বছরের নিষেধাজ্ঞার কারণে আপাতত সবধরনের ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। সেখান থেকেই ইন্সটাগ্রাম লাইভে ২০২৩ বিশ্বকাপের বাংলাদেশ দল নিয়ে এক ভক্তের প্রশেড়বর জবাবে তিনি বলেন, ‘এখন যেই দলটা আছে, সেখানে মোটামুটি সবই আছে। তবে ক্রিকেটারদের পরিচর্যা অনেক বেশি দরকার। প্রস্তুতিটা ভালো হওয়া দরকার। আমার মনে হয় আমরা খুব ভালো দল হয়েই ২০২৩ বিশ্বকাপ খেলতে যেতে পারব।’ বৈশ্বিক টুর্নামেন্টের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। আগামী বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু দেখছেন না সাকিব, ‘ভারতে খেলা। সেখানকার কন্ডিশন আমাদের মতোই। তবে আইসিসি টুর্নামেন্টে কন্ডিশন খুব একটা পার্থক্য সৃষ্টি করে না। উইকেট ব্যাটিং সহায়ক থাকে, যেটা ২০১৫ বিশ্বকাপেও ছিল, ২০১৯ সালেও ছিল।’ বাজিকরের সঙ্গে যোগাযোগের খবর কর্তৃপক্ষকে না জানানোর অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব। অক্টোবরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।