নভেল করোনাভাইরাসের উপসর্গ শনাক্তে শুরু থেকেই ব্যস্ত ছিলেন গবেষকেরা। এরপর জ্বর, কাশির সঙ্গে শুকনা কফ এবং শ্বাসকষ্ট হলেই করোনা সন্দেহ হিসেবে ধরে নেয়া হচ্ছে।
তবে এবার স্পেনের চিকিৎসকেরা নতুন এক সম্ভাব্য উপসর্গের কথা জানালেন। পায়ে এক ধরনের দাগকে কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার লক্ষণ হিসেবে দেখছেন তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, গত বৃহস্পতিবার স্প্যানিশ জেনারেল কাউন্সিল অব অফিশিয়াল পডিয়াট্রিস্ট কলেজেস এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে।
তারা জানায়, করোনা আক্রান্তদের বেশ কয়েকজনের পায়ের পাতায় একই ধরনের দাগ দেখা গেছে। যা দেখতে অনেকটা জলবসন্ত বা হামের মতো।
চিকিৎসকদের মতে, উপসর্গ ছাড়াই আক্রান্ত হওয়ার চিকিৎসায় এই অনুসন্ধান সহায়তা করবে।
স্পেনের চিকিৎসকদের এই প্ল্যাটফর্মটি জানায়, ইতালি, ফ্রান্স ও স্পেনে অনেক করোনা রোগীদের পায়ে এমন চিহ্ন দেখা গেছে। বিশেষত শিশু এবং অল্পবয়সী শিশুদের মধ্যে এমন লক্ষণ দেখা গেছে বেশি; তবে অল্পসংখ্যক প্রাপ্তবয়স্কও ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, বেগুনি রঙের দাগগুলো দেখতে একেবারেই জলবসন্ত, হাম এবং শীতজনিত ক্ষতের মতো। পায়ের আঙুলেই সাধারণত এমনটা দেখা যাচ্ছে তবে কোনো ধরনের চিকিৎসা ছাড়াই ওই দাগ সেরে যাচ্ছে।
৮ মার্চ ১৩ বছর বয়সী এক করোনা আক্রান্ত ছেলের মধ্যে এমন দাগ দেখতে পান চিকিৎসকেরা। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বাদামি রঙের এক ধরনের মাকড়সার কারণে এমনটা হয়েছিল।
স্বল্প সময়ের কারণে এখনো কোনো বৈজ্ঞানিক প্রমাণ হাজির করেননি গবেষকেরা। তবে সম্ভাব্য উপসর্গ হিসেবে চিকিৎসকদের সতর্ক থাকতে বলেছেন তারা।