কি ধরনের বলে শচীন টেন্ডুলকারকে পরাস্ত করা যায়, বোলারদের জন্য তা ছিল রীতিমতো গবেষণার বিষয়। খেলোয়াড়ি জীবনে কত বোলারদের রাতের ঘুম হারাম করেছেন ভারতীয় কিংবদন্তি। তবে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজনকে নাকি অস্ট্রেলিয়ায় শর্ট পিচ বলের বিপক্ষে বেশ ভুগতে হয়েছে।
না, শচীন নিজে এমন কিছু বলেননি। বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক। তিনি দাবি করেন, শচীন একবার তকে বিষয়টি বলেছেন। তবে ভারতের সাবেক ব্যাটারও বেছে নিয়েছিলেন পথ। উইকেটরক্ষক ও স্লিপে দাঁড়ানোর ফিল্ডারের মাথার উপর দিয়ে খেলে সফল হয়েছেন।
‘তিনি আমার সাথে একবার অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে কথা বলেছিলেন। বুঝতে পারছিলেন তিনি শর্ট পিচ বল নিতে পারছেন না। তাই তিনি উইকেটরক্ষক ও স্লিপের ওপর দিয়ে খেলতেন।’- বলেন পোলক।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৮ টেস্টে ৪২১ উইকেট পোলকের। ৩০৩ ওয়ানডেতে ৩৯৩ ও ১২ টি-টোয়েন্টিতে উইকেট ১৫টি। এ ছাড়া এই অলরাউন্ডার ওয়ানডে, টেস্টে দুই ফরম্যাটেই সাড়ে ৩ হাজারের ওপরে রান করেছেন।
পোলক বলতে ভোলেননি শচীনকে আউট করতে কতটা ভুগতে হতো তাদের। বলেন, ‘একটা সময় ছিল, বিশেষ করে সাফ কন্টিনেন্টে...। আমি নিশ্চিত ছিলাম না তাকে আমরা আউট করতে পারবো। আমরা শুধু চাইতাম সে ভুল করবে। এটিই আসল পরিকল্পনা ছিল।’
শচীন তিন ফরম্যাটে ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান করে ক্রিকেট ক্যারিয়ার শেষ করেন। ৪৬৩ ওয়ানডেতে ১৮৪২৬, ২০০ টেস্টে ১৫৯২১ রান তার। এই কিংবদন্তি ইতিহাসের একমাত্র ক্রিকেটার যার রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি (টেস্টে ৫১টি, ওয়ানডেতে ৪৯টি)।