ত্রাণ কার্যক্রমের সমালোচনা করায় গভীর রাতে ছাত্রদল নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের ত্রাণ কার্যক্রম সমালোচনা করায় মুন্সিগঞ্জের শ্রীনগরে আশরাফুল শুভ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জেলার শ্রীনগর উপজেলার বেঁজগাঁও এলাকার বাড়ি থেকে বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফুল শুভ সরকারি শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১১ শ্রীনগরের ভাগ্যকুল ক্যাম্পের এসপি এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ছাত্রদল নেতা আশরাফুল শুভ নিজরে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ বিতরণ কার্যক্রমকে কটাক্ষ করে পোস্ট দেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মাজেদের ফাঁসি নিয়ে সমালোচনা করে পোস্ট দেন। ফেইসবুকের ওই পোস্ট নজরে আসলে বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।