করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় লে-অফ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। করোনাভাইরাস সংক্রমণে কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ও সিমেন্ট বিক্রি কমে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী ১৯ দিন ঢাকার প্রধান কার্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম কর্তৃপক্ষ।
লে-অফ ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারী ও শ্রম অধিদপ্তরে দেওয়া চিঠিতে লাফার্জহোলসিম কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে ১২ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত প্রধান কার্যালয়ের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু তিন কার্যদিবসের বেশি সময় প্রধান কার্যালয় বন্ধ রাখা হচ্ছে, তাই সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বাংলাদেশের শ্রম আইন ২০০৬-এর ১২(৮) ধারার বিধান অনুযায়ী লে-অফ করা হলো। করোনাভাইরাসের প্রকোপ বাড়লে এই লে-অফের মেয়াদ আরও বাড়তে পারে বলে কোম্পানিটি জানিয়েছে।
উক্ত লে-অফকালীন সময় যেসব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার চাকরির মেয়াদ এক বছরের বেশি হয়েছে, তারা শ্রম আইন ২০০৬-এর ১৬ ধারা অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলে লাফার্জহোলসিম জানিয়েছে। তবে যাদের চাকরির মেয়াদ এক বছরের কম, তারা ক্ষতিপূরণ পাবেন কি-না, তা বলা হয়নি কোম্পানিটির জারি করা বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনাভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। করোনার প্রভাবে সিমেন্ট বিক্রি আশঙ্কাজনক হারে হ্রাস পাওয়ায় কোম্পানির ব্যবসা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে লাফার্জহোলসিম জানিয়েছে। করোনা মহামারীতে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা, স্বাস্থ্যঝুঁকি ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। এমন পরিস্থিতিতে করোনা মহামারী ও নিয়ন্ত্রণবহির্ভূত হওয়ার কারণে শ্রম আইন অনুযায়ী প্রধান কার্যালয় লে-অফের সিদ্ধান্ত নিয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ।
লে-অফ বিষয়ে লাফার্জহোলসিম বাংলাদেশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। এদিকে প্রধান কার্যালয় লে-অফ ঘোষণা করা হলেও লাফার্জহোলসিমের কারখানা চালু রয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, সীমিত পরিসরে কারখানা চালু রাখা হয়েছে। কারখানার শ্রমিক ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিরাপদে থেকে করোনাভাইরাসের প্রতিরোধমূলক সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে লাফার্জহোলসিম কর্তৃপক্ষ।