সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ২১

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে উল্টোপথে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এক সেনাসদস্য নিহত ও ২১ সেনাসদস্য আহত হয়েছেন। আহত সেনাসদস্যদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনাসদস্যের নাম প্রিন্স। তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি জানান, উল্টোপথে আসা একটি সাইকেলকে সাইড দিতে গিয়ে সেনাবাহিনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টনি ট্রাক সাভার সেনানিবাস থেকে জাজিরা (শরীয়তপুর) সেনানিবাসে যাচ্ছিল। পথে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে উল্টোপথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান। ওই ট্রাকে থাকা বাকি ২১ সেনাসদস্য বর্তমানে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।