লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রওশন জামিলসহ একই হাসপাতালে কর্মরত আরও ৪জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত। জেলায় মোট ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ নারী ও শিশু সন্তান রয়েছে।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার জানান, রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামের ঢাকা ফেরত পোশাক শ্রমিককে গত শনিবার (৯ এপ্রিল) পার্শ্ববর্তী তার শ্বশুরবাড়ি কাশিমনগর থেকে আমরা উদ্ধার করি। পরে তার শ্বশুরবাড়ির লোকজন-নিকটাত্মীয়সহ উপজেলার প্রায় ৬০ জনের নমুনা সংগহ করে লক্ষ্মীপুর হয়ে চট্টগ্রামে প্রেরণ করি।
তিনি আরও জানান, আজ রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নতুন ১১১ নমুনা পরীক্ষায় আরও ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে লক্ষ্মীপুরের ১৭ জন, ১ জন চট্টগ্রামের ও অপরজন ফেনী জেলার।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাক্তার আবদুল গফফারের সাথে কথা না বললেও সিভিল সার্জন অফিস লক্ষ্মীপুরের ফেসবুক আইডিতে জানানো হয়েছে, ‘দুঃখের সহিত জানাচ্ছি যে, লক্ষ্মীপুরে ১৭টি করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রামগঞ্জ উপজেলার ১৩টি ও কমলনগরে ৩টি ও লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি।’
এদিকে হঠাৎ করেই জেলার সর্বত্রে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সবার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।